বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শিরোপার লড়াইয়ে তিনি আর্জেন্টিনার জয় কামনা করেছেন।
শনিবার ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু তার এই সমর্থনের কথা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর হাতে তুলে দেন। ওই বার্তায় মিলেই তাকে ‘বন্ধু’ উল্লেখ করে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, আপনি একজন বন্ধু। সত্যিকারের বন্ধু, একজন মহান বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচসহ আরও অনেক বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা।”
বাংলাদেশ সময় সোমবার রাতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।
এই ফাইনাল শুধু ফুটবলের লড়াই নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে।
স্পেন ফিলিস্তিন প্রশ্নে তুলনামূলক কঠোর অবস্থান নিলেও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এমন প্রেক্ষাপটে ফাইনালের আগে নেতানিয়াহুর প্রকাশ্য সমর্থন রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

