বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খাঁনের নিয়োগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন শনিবার (১৯ জুলাই) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। পোস্টের সঙ্গে তিনি নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপিও প্রকাশ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খাঁনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, তার নিয়োগের মেয়াদ হবে প্রধানমন্ত্রীর কার্যকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নিয়োগের খবর জানিয়ে ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি যেন সততা, আস্থা ও বিশ্বাসের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। নতুন পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

সর্বশেষ

এই বিভাগের আরও