সোমবার, ১০ আগস্ট ২০২৬

জনকল্যাণই হবে জেলা পরিষদের মূল লক্ষ্য: মাহবুবের রহমান শামীম

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম বলেছেন, জেলা পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

- Advertisement -

সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মাহবুবের রহমান শামীম।

পরিচিতি সভায় তিনি বলেন, “দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস হবে না। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির সংস্কৃতি ছিল। আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদ পরিচালনা করতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের আরও কাছাকাছি থেকে কাজ করতে চান। জেলার প্রতিটি এলাকার মানুষের সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “আমি এখানে নতুন হলেও আপনারা অভিজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। এমন কর্মপরিবেশ গড়ে তোলা হবে, যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।”

জেলা পরিষদের সীমিত বাজেটের প্রসঙ্গ তুলে প্রশাসক বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে জেলা পরিষদের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

পরিচিতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এস এম খালেদ উদ্দীন জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঁইয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও