সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৯ হাজার ৬৩৫ ইয়াবা উদ্ধার মামলায় দুই মাদক কারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ৯ হাজার ৬৩৫টি ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম কোকদণ্ডী এলাকার জাফর আহমদের ছেলে মো. আরিফ (৩৩) এবং একই উপজেলার ইলশা গ্রামের মো. আফসারের ছেলে মো. মারুফ (২৭)।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের সময় দুই আসামিই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৯ আগস্ট রাতে পতেঙ্গা থানার মুসলিমাবাদ মোড়সংলগ্ন আউটার রিং রোডে র‌্যাব-৭-এর একটি অস্থায়ী চেকপোস্টে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৬৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আরিফ ও মারুফকে আটক করা হয়।

ঘটনার পর র‌্যাব-৭-এর তৎকালীন ডিএডি ও পুলিশ পরিদর্শক মো. জহিরুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০২৩ সালের ১৫ জুন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও চলতি বছরের ২৯ জুন যুক্তিতর্ক শুনানি শেষে আদালত সোমবার এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও