সোমবার, ১০ আগস্ট ২০২৬

ওয়াসিম আকরাম ও আবু সাঈদ ছিলেন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক: মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ ছিলেন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। জুলাই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

- Advertisement -

সোমবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণ করলেই হবে না, তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।

তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটি দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফল। এ আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী অংশ নিয়েছেন এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

মেয়র আরও বলেন, ওয়াসিম আকরামসহ সব শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ও স্বাধীনতার স্বপ্ন দেখা হয়েছে, তা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।

বক্তারা বলেন, শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও