প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে ঢাকার ওয়ারী থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলার সবকটিতেই জামিন মঞ্জুর হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
আইনজীবী ইকবাল মাহমুদ শোভন বলেন, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার ওয়ারী থানার মামলাতেও জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।
গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
চলতি বছরের ১১ জুন ওয়ারী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাহফুজুর রহমান। আদালতের অনুমতির পর ১৫ জুন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৩ জানুয়ারি সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি হোয়াটসঅ্যাপে ফ্রিল্যান্সিং কাজের একটি প্রস্তাব পান। পরে তাকে টেলিগ্রামে যুক্ত করে বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ আয়ের প্রলোভন দেখানো হয়। প্রথমদিকে কিছু অর্থ ফেরত দিয়ে তার আস্থা অর্জন করা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী।

