সোমবার, ১০ আগস্ট ২০২৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, মিলবে দুই ডোজে সুরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার তৈরি কিউডেঙ্গা (Qdenga) টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সীদের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদনের ঘোষণা দেয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) টিকাটির গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। তিন মাসের ব্যবধানে দুই ডোজে টিকাটি প্রয়োগ করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। টিকাটি ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ ৪২টি দেশে অনুমোদন পেয়েছে। পাশাপাশি এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রি-কোয়ালিফিকেশনও অর্জন করেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার ধরনে পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বর্তমানে ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত কিউডেঙ্গার ২ কোটি ৪০ লাখের বেশি ডোজ বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত টিকাটির ক্ষেত্রে বড় ধরনের কোনো নিরাপত্তাজনিত উদ্বেগের তথ্য পাওয়া যায়নি।

টিকাটির উৎপাদন বাড়াতে তাকেদা ভারতের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োলজিক্যাল ই–এর সঙ্গে যৌথভাবে কাজ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ভারতে ১০ লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারত নিজস্ব ডেঙ্গু টিকাও তৈরির পথে রয়েছে। দেশটির প্রতিষ্ঠান প্যানাসিয়া বায়োটেক উদ্ভাবিত ডেঙ্গিঅল বর্তমানে ক্লিনিক্যাল পরীক্ষার শেষ ধাপে রয়েছে। অনুমোদন পেলে এটি বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকাগুলোর একটি হতে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও