বুধবার, ২২ জুলাই ২০২৬

চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা জেলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।

- Advertisement -

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ ক্ষতিগ্রস্ত এলাকায় কীভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় সহায়তার জন্য বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও উপস্থাপন করা হবে।

সভায় তিনি সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দূর-দূরান্ত থেকে কর্মকর্তারা সভায় অংশ নিতে আসেন। তাই ভবিষ্যতে নির্ধারিত সময়েই সভা শুরু করতে হবে।

মাহবুবের রহমান শামীম বলেন, জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে স্থানীয় উন্নয়ন আরও গতিশীল হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দুর্নীতির ক্ষেত্রে তাঁর অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের বিকল্প নেই।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরফাত, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস. এম. খালেকুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আনিছ উদ্দিনসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও