নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে এসেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে ধরা পড়া মাছটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাছটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা। দুই দিন আগে সুন্দরবন এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে ফোন পেয়ে মাছটি কেনার সিদ্ধান্ত নেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, “মাছটি কিনতে আমার ১ লাখ ১০ হাজার টাকা খরচ হয়েছে। পরিবহন ব্যয় হয়েছে আরও ১০ হাজার টাকা। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়েছে। শনিবার পর্যন্ত বুকিং চলবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।”
তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ সচরাচর বাজারে আসে না। তাই মাছটি দেখতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি ভালো মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতা আগেভাগেই বুকিং দিচ্ছেন।
সামুদ্রিক কোরাল মাছ স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি সাধারণত বঙ্গোপসাগরসহ উষ্ণ জলবায়ুর উপকূলীয় সমুদ্র অঞ্চলে পাওয়া যায়। বিশাল আকৃতির এ মাছটি বাজারে আসায় ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

