রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে।”
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। স্বাস্থ্যগত কারণসহ সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য যে কোনো কারণে তিনি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের করার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য জানানো হয়নি।

