চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক (৪০) মারা যান।
নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকার বাসিন্দা।
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এর আগে দুর্ঘটনার দিন রাতেই মারা যান মোহাম্মদ নুরুল আলম (৪৫) ও দিদারুল আলম (৩২)। পরে ১৯ জুলাই মারা যান রাঙ্গুনিয়ার পোমরা এলাকার উজ্জ্বল দাশ (৫৩) এবং বোয়ালখালীর গোমদণ্ডী এলাকার নুর নবী (২৫)। সর্বশেষ মাহমুদুল হকের মৃত্যুর মধ্য দিয়ে চমেকে ভর্তি হওয়া পাঁচ দগ্ধ শ্রমিকের সবাই মারা গেলেন।

