রবিবার, ২ আগস্ট ২০২৬

‘শিক্ষার্থীদের ক্ষতি হতে দেব না’, প্রশ্নফাঁস নিয়ে মোদীর বার্তা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যেই আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীদের ক্ষতি হতে দেওয়া হবে না।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে শুক্রবার আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, “প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গভীর কষ্টের। গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে রয়েছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যেন কোনো শিক্ষার্থীর একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে।”

প্রধানমন্ত্রী জানান, প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজন করতে সরকার সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মন্ত্রিসভায় এ বিষয়ে আলোচনা শেষে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এদিকে দিল্লি হাই কোর্ট প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে একটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছে। ‘পাবলিক পরীক্ষা (অসদুপায় রোধ) আইন’-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলোর বিচার এই আদালতে হবে। আইনে দোষীদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রুপি জরিমানার বিধান রয়েছে।

এদিকে আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষা প্রশাসনেও বড় ধরনের রদবদল করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা বিভাগের শীর্ষ পর্যায়ে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা ও সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ২০ জুন থেকে শুরু হওয়া আন্দোলন বর্তমানে দিল্লি ছাড়িয়ে মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও