টানা বৃষ্টি ও সাম্প্রতিক বন্যার প্রভাবে চট্টগ্রামের কাঁচাবাজারে আবারও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
শুক্রবার (২৪ জুলাই) নগরের বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ১০০ টাকার নিচে বেশিরভাগ সবজি মিলছে না। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা, বেগুন ১২০ টাকা, শসা ১২০-১৩০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, গাজর ১৬০ টাকা, করলা ১০০-১২০ টাকা, ঢ্যাঁড়স ও ঝিঙে ১০০ টাকা কেজি দরে।
ক্রেতা মোজাফফর আহমদ বলেন, “এক কেজি সবজি কেনার সামর্থ্য নেই। আগে যেখানে এক কেজি কিনতাম, এখন আধা কেজি কিনেই ফিরতে হচ্ছে। বন্যার অজুহাতে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে, তদারকিও নেই।”
আরেক ক্রেতার অভিযোগ, প্রায় প্রতিদিনই নতুন কোনো অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। এতে মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ীদের দাবি, দোহাজারী, সাতকানিয়া, ফটিকছড়ি, নাজিরহাট এবং পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সবজিক্ষেত বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে বলে তাদের আশা।

