চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে কয়েকজন ব্যক্তি যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় করে চট্টগ্রামের দিকে আসছে।
পরে গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা এলাকার কাঞ্চননগর বাদামতল বদল ফকিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব।
র্যাবের ভাষ্য, চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে কয়েকজন যাত্রী পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—পটিয়ার দক্ষিণ চাটারা এলাকার মো. শাহ আলম (৩৬), কাগজীপাড়া এলাকার মো. সেলিম (৪৫), লাউয়ারখিল এলাকার সুপ্রীয়া গুপ্তা (৫৩), হিবাতলী এলাকার ছেনোয়ারা বেগম (৫৫) এবং বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী এলাকার ছফুরা বেগম (৫৫)।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের প্রত্যেকের কাছ থেকে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ হাজার ৯৫০ পিস করে মোট ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা, মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবাসহ তাদের চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।

