রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পাল্টাপাল্টি কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, দুই পক্ষের ঘোষিত কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই সময় ও একই স্থানে এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভা এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি, জেলা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণার কারণে উভয় পক্ষের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এতে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, বিকট শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও