শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পৈতৃক ভিটা দখলের অভিযোগ, মিরসরাইয়ে সংবাদ সম্মেলনে পরিবারের আকুতি

সাফায়েত মেহেদী, মিরসরাই

দুই বছর আগে সংঘটিত একটি রাজনৈতিক হামলার ঘটনাকে পারিবারিক বিরোধ হিসেবে উপস্থাপন করে সংবাদ সম্মেলন করার অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে পৈতৃক সম্পত্তি ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

- Advertisement -

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা মো. সাকিব অভিযোগ করেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন। পাশাপাশি দুই বছর আগে ঘটে যাওয়া একটি রাজনৈতিক সহিংসতার ঘটনাকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পরিবারের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে সাকিব বলেন, রেজাউল করিম খোকন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গভীর রাতে দলীয় বিরোধের জেরে তিনি হামলার শিকার হন। তবে ওই ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা না থাকলেও ব্যক্তিগত স্বার্থে ঘটনাটি তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হামলা ও মামলার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাদের ব্ল্যাকমেইলও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পৈতৃক সম্পত্তির বিষয়ে সাকিব জানান, ২০১৬ সাল থেকে জমি নিয়ে একাধিক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। প্রতিটি সালিশে তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হলেও এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি। বরং পাঁচ লাখ টাকার বিনিময়ে ওই ভিটা ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাদের পরিবারকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, অপপ্রচার বন্ধ এবং তাদের পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাকিবের বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার, নার্গিস আক্তার, ভগ্নিপতি কামাল উদ্দিন, ইকবাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও