বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বাংলাদেশ পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

- Advertisement -

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা একটি নতুন বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাই চেইন অব কমান্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ অভিজ্ঞতা, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নবীন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে প্রশিক্ষণ সম্পন্ন করা ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের কর্মকর্তাদের অভিনন্দন জানান।

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভুঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন। ‘বেস্ট অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড’ পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শ্যুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ.বি.এম. মামুন।

সমাপনী কুচকাওয়াজ শেষে নবীন সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়ন করা হবে।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও