চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহদ্দারপাড়া এলাকার আমান আলী ও নজু মিয়া ফকির সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নকাজের সূচনা করেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, পৌর বিএনপি নেতা ও কাস্তুরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক মো. লোকমান, বিএনপি নেতা বশির আহমদ, মো. সেলিম, যুবদল নেতা একরামুল হক জিকু, বিএনপি নেতা জামাল উদ্দিন, খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী।
বক্তারা বলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতিমা এবং হাজি আবু আকতারের সহযোগিতায় দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক দুটির উন্নয়নকাজ শুরু হয়েছে।
তারা বলেন, সড়কগুলোর কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

