চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলম একই উপজেলার উত্তর পদুয়া সওদাগর পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমিতে চাষাবাদ শেষে রাস্তায় ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক্টর আব্দুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, লাশ থানার হেফাজতে নেওয়া হয়েছিল। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

