মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জাবেদ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওরশ বাড়ি নামের একটি খাদ্য প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল কেওড়াজল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম বাজার কমিটির তোপের মুখে পড়েছে বলে কিছু মহলে আলোচনা হলেও বিষয়টি নাকচ করেছেন উপপরিচালক ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটি ছিল নিয়মিত কার্যক্রমের অংশ। আইন অনুযায়ী অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

