বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আট বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, র‍্যাবের জালে মাদ্রাসা শিক্ষক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের (বলাৎকার) অভিযোগে মামলার প্রধান আসামি ও ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট দুপুরে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডস্থ বৈরাগ এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি রমিজ উদ্দীনকে (৩১) গ্রেফতার করে র‍্যাবের একটি দল।

তিনি বাঁশখালী উপজেলার উত্তর সরল এলাকার বাসিন্দা এবং মৃত মতিউর রহমানের ছেলে। গ্রেফতারের পর তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি ৬-৭ মাস আগে স্থানীয় বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদরাসা ও এতিমখানার নাজেরা বিভাগে ভর্তি হয়। অভিযুক্ত রমিজ উদ্দীন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।

অভিযোগে বলা হয়, ভর্তির পর থেকে তিনি একাধিকবার মাদ্রাসার ওয়াশরুমে জোরপূর্বক শিশুটিকে নির্যাতন করেন। সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে মাদ্রাসার এতিমখানার হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি ক্লাসরুমে শিশুটিকে একা ডেকে নিয়ে নির্যাতন করা হয় এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ।

শিশুটি বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে মা কারণ জানতে চান, তখন সে পুরো ঘটনা মাকে জানায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৯ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন-২০২৫)-এর ৯(১) ধারা ও দণ্ডবিধির ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ৪০।

সর্বশেষ

এই বিভাগের আরও