বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সায়েন্সল্যাব থেকে জবি হয়ে আলিয়া মাদরাসা, ছড়িয়ে পড়ল ছাত্র সংঘর্ষ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর সায়েন্সল্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়া মাদরাসায় মঙ্গলবার (৪ আগস্ট) পৃথক তিনটি স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

সায়েন্সল্যাবে সংঘর্ষ

মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টা ধাওয়ার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সায়েন্সল্যাবসহ আশপাশের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল পর্যন্ত সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবির-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জের গিয়ে পৌঁছায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও। ক্যাম্পাসে সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানেও কয়েক দফা উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষক ও জকসু নেতাদের দাবি অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে ছাত্রদলের কতজন নেতাকর্মী আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই দিনে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে, যাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল, যা বিকেলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টাধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও