জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে তিনি জাদুঘরের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক এবং ঘটনাপ্রবাহ তুলে ধরা প্রদর্শনীগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবহিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনের দিনটি শহীদ পরিবারের সদস্য ও বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত থাকলেও বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

