বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে ৫ প্লাটুন বিজিবি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

- Advertisement -

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার।

তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ সুপার বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে জানান জেলা প্রশাসক।

সর্বশেষ

এই বিভাগের আরও