চট্টগ্রামের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বুধবার (৫ আগস্ট) সকালে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬টায় ‘এফবি নিশান-২’ নামের একটি ফিশিং বোট নিয়ে ১৮ জন জেলে মাছ আহরণ শেষে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে শুরু করে। দুপুর ১টার দিকে বোটের একজন জেলে বিষয়টি মালিককে ফোনে জানালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সহায়তা চান।
খবর পেয়ে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা ঘটনাস্থলে গিয়ে বিকল হওয়া বোটসহ ১৮ জেলেকে উদ্ধার করে। উদ্ধারের পর কোস্ট গার্ডের পক্ষ থেকে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয় এবং পরে বোটসহ তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

