বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

‘আবু সাঈদের ছবি নেই যে ডকুমেন্টারিতে, সেটা ডকুমেন্টারি নয়’—ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক রাষ্ট্রীয় প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়।”

- Advertisement -

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রামাণ্যচিত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে। তার ভাষায়, “আবু সাঈদ এই গণ-অভ্যুত্থানের প্রতীক। তার ছবি না থাকলে এটি কোনো ডকুমেন্টারি হতে পারে না। খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।”

তিনি জানান, বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। এরপর বিষয়টি শান্তভাবে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের মতো ওয়াকআউট করাটা বাঞ্ছনীয় নয়।

সরকারের সমালোচনা গ্রহণের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে ধরিয়ে দেবেন, আমরা তা সংশোধন করব। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।”

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে আপত্তি জানালে একপর্যায়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও