জুলাই গণঅভ্যুত্থানকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সম্পদে পরিণত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা যদি বলতে শুরু করি—জুলাই কার, জুলাই কার; তাহলে জুলাই আমাদের কারও থাকবে না। জুলাই বাংলাদেশের ২০ কোটি মানুষের।”
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে। এই অর্জনকে দলীয়করণ না করে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, “যারা শহীদ হয়েছেন, তারাই প্রকৃত জুলাই যোদ্ধা ও প্রকৃত নেতা। তাদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের প্রধান দায়িত্ব।”
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি জানান, সরকার ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশ নিয়ে মতামত দিতে হবে। “জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতি আমরা দিয়েছি এবং সেই লক্ষ্যেই কাজ করছি।”
তিনি বলেন, কোনো আন্দোলন যখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পথে এগোতে পারে না, তখনই রক্তক্ষয়ী গণআন্দোলন অনিবার্য হয়ে ওঠে। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানও দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়ন, নির্যাতন ও বঞ্চনার ধারাবাহিক পরিণতি।
জুলাইয়ের চেতনা নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা নয়, বরং জুলাইয়ের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নের প্রতিযোগিতা হওয়া উচিত।” তিনি আরও বলেন, অতীতের মতো কোনো রাজনৈতিক চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার করা হলে তার মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। তাই জুলাইয়ের চেতনাকে সম্মান জানিয়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

