মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ছয় কর্মসূচিতে চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মহেশখালীর গভীর সমুদ্রবন্দরসহ কক্সবাজার ও চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি মহেশখালী পৌঁছাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

- Advertisement -

প্রথম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১৩ জুন কক্সবাজার সফরে গিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক, পেকুয়া, চকরিয়া, মেরিন ড্রাইভ ও সমুদ্র সৈকতে গেলেও সেবার মাতারবাড়ীতে পা পড়েনি তার। এবারই প্রথম তিনি এই কৌশলগত বন্দর প্রকল্পটি সরেজমিনে দেখবেন।

কক্সবাজার ও চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেবেন প্রধানমন্ত্রী এবং তাদের পুনর্বাসনবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে তিনি বাঁশখালীর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত পুনর্বাসন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দিনের কর্মসূচিতে যুক্ত হয়েছে দুটি উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শনও। দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

এরপর বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

অতিরিক্ত প্রেস সচিব জানান, নির্ধারিত ৬টি কর্মসূচি শেষ করে রাতে চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ

এই বিভাগের আরও