চট্টগ্রামের বাঁশখালীতে লবণ ও মাছের ঘের দখলকে কেন্দ্র করে জিল্লুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্সি আলমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, নিহত জিল্লুর রহমান বাঁশখালীর সরল ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং কয়েক মাস ধরে সরলের তাজুর ঘোনা নামের একটি লবণ ও মৎস্য সমিতিতে মাসিক বেতনে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে মাছের ঘের ও লবণ মাঠের দখল নিয়ে বিরোধ চলছিল।
গত ৩০ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সময়ের মধ্যে সরল ১নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন তাজুর ঘোনা এলাকায় একদল বহিরাগত লোক এসে জোরপূর্বক ঘের দখলের চেষ্টা করে বলে অভিযোগ।
সে সময় পাহারারত জিল্লুর রহমানকে সরে যেতে অস্ত্র তাক করে হুমকি দেওয়া হয়। টর্চের আলোয় হামলাকারীদের চিহ্নিত করার পর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যাতে তার বুকে তিনটি গুলি লাগে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৩১ জুলাই ভোর ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখ ২ আগস্ট)।
মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল শুক্রবার বোয়ালখালীতে অভিযান চালিয়ে পলাতক আসামি মুন্সি আলমকে গ্রেফতার করে। তিনি সরল গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। গ্রে
ফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

