আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষে মনোনয়ন ফরম দুটি সংগ্রহ করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দুটি গ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন।
সব প্রক্রিয়া শেষে আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। আগামী দিনগুলোতে নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতি ও হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।

