প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে সকাল থেকেই বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থলে জড়ো হয়েছেন হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো সমাবেশস্থল।
রোববার (৯ আগস্ট) সকাল থেকেই বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে দলে দলে মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ভিড় আরও বাড়তে থাকে।
সমাবেশস্থলজুড়ে এখন মানুষের কোলাহল, স্লোগান ও ব্যানার-ফেস্টুনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অনেকের হাতে জাতীয় ও দলীয় পতাকা। কেউ বহন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড, আবার কারও হাতে রয়েছে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার।
নির্ধারিত সমাবেশস্থলে মানুষের তিল ধারণের ঠাঁই নেই। আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও অবস্থান নিয়েছেন অনেকে। সবার অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর আগমনের।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে বাঁশখালীতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সঙ্গে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যাশাও বেড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেতে সকালেই তারা সমাবেশস্থলে চলে এসেছেন। তীব্র রোদের মধ্যেও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকতে তাদের কোনো কষ্ট হচ্ছে না।

