আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।
রোববার (৯ আগস্ট) বিকেলে এক বার্তায় এই তথ্য জানিয়েছে বিইআরসি।
শুধু অভ্যন্তরীণ রুটেই নয়, আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ ডলার নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর জেট ফুয়েলের দামে বেশ কয়েক দফা পরিবর্তন এসেছে। গত ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে প্রায় ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ দাম বাড়ানো হয়েছিল, যা ছিল এ বছরের সবচেয়ে বড় দাম বৃদ্ধির ঘটনা।
এরপর ৭ এপ্রিল জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানো হয়। তবে মে মাসে এসে দাম কিছুটা কমার প্রবণতা দেখা যায়— অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।
জুন মাসে দাম আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সায় নামিয়ে আনা হয়। কিন্তু সেই নিম্নমুখী ধারা থেমে গেল আগস্ট মাসে এসে, যখন অভ্যন্তরীণ রুটে দাম আবারও বাড়িয়ে প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হলো।
বিইআরসি সূত্রে জানা যায়, প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে জেট ফুয়েলের মূল্য সমন্বয় করা হয়ে থাকে।

