দেশের প্রতিটি মানুষের সমস্যা ও চাহিদা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের যুব সমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ী—কেউই সরকারের পরিকল্পনার বাইরে নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাজনীতি ও নতুন ভাবনা নিয়ে দেশ পরিচালনা করছেন। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে অর্থনীতির সুফল পৌঁছে দেওয়া হবে।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে প্রধানমন্ত্রীর জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ ঘরের প্রধান নারীর কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের জন্য থাকবে কৃষি কার্ড। পাশাপাশি আলেম-ওলামাদের ভাতা দেওয়া হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের অংশীদার প্রত্যেক নাগরিক। বাঁশখালীর উন্নয়নের সম্ভাবনাগুলো কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এ নিয়ে স্থানীয়দের চিন্তার কোনো কারণ নেই।
জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাঁশখালী ইতোমধ্যে পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। লবণচাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বেড়িবাঁধসহ বাঁশখালীর প্রয়োজনীয় উন্নয়নেও সরকার কাজ করবে।
এর আগে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে বাঁশখালীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে ঘিরে বাহারছড়া সমুদ্রপাড়ের জনসভায় ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

