রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইংরেজি-গণিতেই কাল হলো মানবিকের, পাসের হার নামল ৪৮.৭৪ শতাংশে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। এ বিভাগে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০০ জনের মধ্যে ৫১ জনের বেশি ফেল করেছে।

- Advertisement -

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা ২০০৭ সালের পর সর্বনিম্ন। প্রায় দুই দশকের মধ্যে এবারই এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাসের হার দেখা গেল।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন, আর ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে মাত্র ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ এবং ফেলের হার ৫১ দশমিক ২৬ শতাংশ।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা বিশেষ করে ইংরেজি ও গণিতে তুলনামূলক দুর্বল ফল করেছে। এ দুটি বিষয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ফেল করায় মানবিক বিভাগের সামগ্রিক ফলাফলে বড় প্রভাব পড়েছে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবার তুলনামূলক ভালো ফল করেছে। এ বিভাগে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ।

অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর প্রায় ৮১ জন পাস করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মানবিক বিভাগে এবার বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের ফল খারাপ হওয়ায় এ বিভাগে ফেলও বেশি হয়েছে।

তিনি বলেন, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল কেন এমন হলো এবং তারা ইংরেজি ও গণিতে কেন দুর্বল—তা খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে কীভাবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও