বিশ্ববাজারে আবারও বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (১২ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬৩ ডলারে উঠেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম এক ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ করে। এর ফলে গত ৩১ জুলাইয়ের পর তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
শিল্প খাতের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবেই সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়। পরদিনও সেই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
এদিকে তেলের বাজারে অস্থিরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালীর ওপর মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। মধ্যস্থতাকারী দেশ কাতারও জানিয়েছে, হরমুজ প্রণালী পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে।
কূটনৈতিক অগ্রগতির খবরের মধ্যেও উপসাগর ও লোহিত সাগরে জাহাজে নতুন করে হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ফলে তেলের সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

