বুধবার, ১২ আগস্ট ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধী শক্তির দিন শেষ: রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -

বুধবার (১২ আগস্ট) সকালে বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা ও তাঁর পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে তারা বিভিন্নভাবে হয়রানি ও ষড়যন্ত্রের শিকার করেছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন বরেণ্য মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক। তাঁর পরিবারকে ধ্বংস করার জন্য ফ্যাসিবাদী সরকার এমন কোনো কাজ নেই যা করেনি। জনগণের মধ্যে জিয়াউর রহমানের দেশপ্রেম ও জনপ্রিয়তা শেখ হাসিনা কখনোই মেনে নিতে পারেননি।

রিজভী বলেন, আরাফাত রহমান কোকোও ফ্যাসিবাদী শাসনের নানা নির্যাতন ও চাপের মধ্যে ছিলেন। তাঁর মৃত্যু ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের একটি উদাহরণ।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় জিয়া পরিবারের সদস্যদের নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানকেও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন। জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্রীড়াবিদদের জন্য এমন একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, যাতে খেলাধুলাই তাদের পেশা ও জীবিকার মাধ্যম হতে পারে। ক্রীড়া মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, ক্রীড়া ক্ষেত্রে কোকোর স্বপ্ন ও পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে তাঁর আত্মা শান্তি পাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও