বুধবার, ১২ আগস্ট ২০২৬

আদালত চত্বরে রহস্যজনক বিস্ফোরণ, মিলল বারুদের আলামত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বরিশাল জেলা জজ আদালতের মূল ফটকের ভেতরে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) আদালতের কার্যক্রম চলাকালে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে প্রবেশপথের বাম পাশে এ বিস্ফোরণ ঘটে।

- Advertisement -

হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ আদালত এলাকায় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তবে বিস্ফোরণটি কী ধরনের ছিল, কিংবা এতে কোনো বোমা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিআইডির ক্রাইম সিন ইউনিটের ইনচার্জ খলিলুর রহমান জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ রয়েছে।

পুলিশ জানায়, ঢাকায় থাকা বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করবেন। তাদের পরীক্ষার পর বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালাচ্ছেন।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটিকে বোমা বা নির্দিষ্ট কোনো ধরনের বিস্ফোরক হিসেবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সর্বশেষ

এই বিভাগের আরও