দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ প্রযুক্তিনির্ভর নতুন ইকোসিস্টেমে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানব সভ্যতার জন্য যেমন আশীর্বাদ, তেমনি এর সঙ্গে নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তন এত দ্রুত হচ্ছে যে আগামী দিনের পরিস্থিতি কী হবে, তা আগে থেকে অনুমান করা কঠিন।
তিনি বলেন, জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়; এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রযুক্তিনির্ভর পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।
যুবকদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর নতুন সংকট। এসব মোকাবিলায় তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় দক্ষ করে তুলতে হবে।
তিনি বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় আরও গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণ হয়েছে যে প্রধানমন্ত্রী তরুণ সমাজের সক্ষমতার ওপর আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী উদ্যোগ নিচ্ছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

