কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও এসি বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী জিটু গাড়ির (লেগুনা) সঙ্গে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ রঙের একটি এসি বাসের সংঘর্ষ হয়। এতে লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
আহতরা হলেন—খুটাখালী নতুন অফিস মাদ্রাসাপাড়ার জিয়াবুল হক (৪০), ঈদগাঁওয়ের নাপিতখালী এলাকার মো. সরোয়ার (১৯), সৈয়দ আলম (৫০), চকরিয়ার মেধাকচ্ছপিয়ার মো. দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের কিরনতলীর সৈয়দ করিম (৩০)।
আহতদের মধ্যে সৈয়দ করিম কক্সবাজার সদর হাসপাতালে এবং অন্য চারজন মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই শামশুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ বাস ও লেগুনা দুটি জব্দ করেছে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

