চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে এ তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন এ অর্থ প্রদান করবে।
তিনি আরও জানান, ঘটনার পর ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল ও বিস্ফোরক অধিদপ্তরের টিম পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও থাকবেন।
জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিপইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা জানা যাবে।

