রবিবার, ১৬ আগস্ট ২০২৬

শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের মামলায় নতুন তারিখ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

- Advertisement -

রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে সকালে মামলায় গ্রেপ্তার হওয়া নয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও দুই আসামিসহ মোট ১১ জনকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম সরদার।

শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, এ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের খুঁজে পায়নি। এর মধ্যে ২০ জনের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলেও বাকিদের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, প্রোডাকশন ওয়ারেন্ট জারি না হওয়ায় অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং আরেক মামলায় গ্রেপ্তার আবদুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে পরবর্তী শুনানির জন্য সময় চাওয়া হয়।

পরে ট্রাইব্যুনাল ওই দুজনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির পাশাপাশি নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দাখিলের জন্য ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। সেই ধারাবাহিকতায় রোববার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও