চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার হওয়ায় এবার ১৩ লাখের বেশি শিক্ষার্থী তাদের ফল চ্যালেঞ্জ করে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এত বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই ভবিষ্যতে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে সরকার।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মনে হচ্ছে সবাই খাতা পুনর্মূল্যায়ন করাতে চায়। এমনকি জিপিএ-৫ বা গোল্ডেন এ প্লাস পাওয়া শিক্ষার্থীরাও পুনর্মূল্যায়নের আবেদন করেছে। কারণ ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভর্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি জানান, নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আওতায় আসবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে।
এদিকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এসব আবেদন গ্রহণ করা হয়।
বর্তমানে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত চারটি বিষয় যাচাই করা হয়—সব প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বরের যোগফল ঠিক আছে কি না, খাতার নম্বর মূল কভার বা ওএমআর শিটে সঠিকভাবে তোলা হয়েছে কি না এবং ওএমআর শিটে নম্বর অনুযায়ী বৃত্ত সঠিকভাবে ভরাট করা হয়েছে কি না।
তবে এবার উত্তরপত্র পুরোপুরি পুনর্মূল্যায়নের পরিকল্পনা করা হচ্ছে। নতুন পদ্ধতিতে তৃতীয় পরীক্ষকের মাধ্যমে শিক্ষার্থীর পুরো খাতা নতুন করে যাচাই বা মূল্যায়ন করা হতে পারে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, কোনো শিক্ষার্থীকে ভুল নম্বর দেওয়া হলে বা প্রাপ্য নম্বর না দেওয়া হলে সংশ্লিষ্ট উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। এজন্য রিভিউ কমিটি গঠন করে শিক্ষার্থীদের প্রাপ্য নম্বর নিশ্চিত করার কথাও জানিয়েছিলেন তিনি।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে পুনর্নিরীক্ষণের আগ্রহ ব্যাপকভাবে বেড়ে যায়।

