বোয়ালখালীতে একটি বসতঘর থেকে চোরাই গরু-মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে চুরি যাওয়া আরও দুটি মহিষের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের বসতঘরে অভিযান চালিয়ে গরু ও মহিষ দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে তিনটি মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোরের দল।
এ সময় মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। চোরের দল পটিয়ার দাশের দিঘি হয়ে পিকআপ নিয়ে বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় ঢুকে পড়ে।
মহিষের মালিক আবদুল্লাহ বিন ছাবের জানান, ভোরে চোরের দল একটি পিকআপে প্রথমে দুটি মহিষ নিয়ে যায়। পরে আরও একটি মহিষ পিকআপে তোলার সময় তিনি দেখে ফেলেন।
তখন চোরেরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি পিকআপটির গতিরোধ করার চেষ্টাও করেন। পরে পটিয়া পুলিশের সহযোগিতায় বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় চোরাই গরু-মহিষ রাখার স্থান থেকে একটি মহিষ উদ্ধার করেন বলে জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উদ্ধার হওয়া মহিষটি তার মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যেহেতু চুরির ঘটনাটি পটিয়া থানা এলাকায় ঘটেছে, তাই এ ঘটনায় পটিয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

