শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। এআই ক্যামেরার নজরদারির ফলে মহাসড়কে চাঁদাবাজি কমে আসবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি হলে তা ক্যামেরায় রেকর্ড থাকবে।

এআই প্রযুক্তির নজরদারির মাধ্যমে এসব অনিয়ম কমিয়ে আনা সম্ভব হবে। জনগণের সহযোগিতায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক আইন লঙ্ঘন, উল্টো পথে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও সাইন-সিগন্যাল অমান্যসহ বিভিন্ন অপরাধ শনাক্ত করা হবে।

নতুন ব্যবস্থায় কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করবে। পরে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলা ও জরিমানার তথ্য পাঠানো হবে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

হাইওয়ে পুলিশের উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশ নজরদারির আওতায় এসেছে। বিভিন্ন ধরনের এআই ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মহাসড়কের যান চলাচল পর্যবেক্ষণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর পর এর ভুলত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি চালু করা হবে।

মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের বিষয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই মহাসড়কে থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে মালিক, শ্রমিক ও পুলিশ—সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ

এই বিভাগের আরও