সুপ্রিম কোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের নেত্রী এবং সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌফীক নাওয়াজ। তার জানাজা ও দাফনের সময় ও স্থান বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
তৌফীক নাওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি তিনি ধ্রুপদী সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে স্বামীর মৃত্যুর পর কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ আবেদন করা হবে।
এর আগে গত ২৭ মে স্বামীর অসুস্থতার কথা উল্লেখ করে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। তবে ওই আবেদনে সাড়া মেলেনি।
জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে করা একাধিক মামলায় বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি। গত ২৬ এপ্রিল স্বজনরা হুইলচেয়ারে করে তৌফীক নাওয়াজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করেন।
তৌফীক নাওয়াজের মৃত্যুতে এখন স্বামীর শেষকৃত্যে অংশ নিতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন করা হচ্ছে।

