শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সাফারি ভ্রমণে যাওয়ার পথে কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একুয়েডরের গোয়েন্দা প্রধানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক।

- Advertisement -

বুধবার কেনিয়ার সামবুরু কাউন্টিতে একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাফারি ভ্রমণের উদ্দেশে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার উত্তরাঞ্চলীয় লইসাবা কনজারভেন্সির দিকে যাচ্ছিল। এটি একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত এলাকা।

আর্চার পোস্ট পুলিশ স্টেশনের প্রাথমিক প্রতিবেদনের বরাতে জানা যায়, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তাঁরা সবাই নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক ছিলেন।

একুয়েডরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা বাহিনীর প্রধান মিচেল সেন্সি কন্তুজি এবং তাঁর স্ত্রী স্টেফানি হলিহানও রয়েছেন। হলিহান যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে সেন্সি কন্তুজি ও তাঁর স্ত্রীকে পর্যটক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

বিশ্বের বিলাসবহুল ভ্রমণ সংস্থা অ্যান্ডবিয়ন্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

এদিকে কেনিয়ার রেডক্রস জানিয়েছে, দুর্গম পাহাড়ি ঢাল এবং দুর্ঘটনাস্থলে আগুন ধরে যাওয়ায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও