শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রামে চুরি যাওয়া ১২ টন লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে অল্প সময়ের মধ্যেই এই সাফল্য আসে।

- Advertisement -

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিকেলে বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইজের ১৩ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর পথে ট্রাকবোঝাই রড চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তদন্তে নামে জোরারগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এর ধারাবাহিকতায় ১৯ আগস্ট বারইয়ারহাট এলাকা থেকে মোঃ রিয়াদ হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের সূত্র ধরে পরদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তারাবো এলাকা থেকে ট্রাকের হেলপার মোঃ হাদিছ মোল্লাকে আটক করা হয়।

পরে তদন্তের সূত্র ধরে মাগুরার মহম্মদপুর থানাধীন জাঙ্গালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় আবুল বাশার ওরফে বাঁশিকে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই চক্রের মূলহোতা জাহাঙ্গীরকে শনাক্ত করে তার বাড়ি ও মহম্মদপুর বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে পুরো ১২ টন ১০০ কেজি রড উদ্ধার করা হয়।

এ ছাড়া ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে চুরি যাওয়া খালি ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, জনগণের জানমাল ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে চট্টগ্রাম জেলা পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও