শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পাঁচলাইশে জুয়েলার্স থেকে আত্মসাৎ ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

নগরের পাঁচলাইশে একটি জুয়েলার্সের দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পুলিশ। এসব চুড়ির ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি বা ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, পাঁচলাইশের প্রবর্তক মোড়সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ থেকে স্বর্ণের চুড়ি আত্মসাতের ঘটনা ঘটে।

দোকানের মালিক বিপ্লব বসাকের কর্মচারী রোমেন দে প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করছিলেন।

গত ১৪ আগস্ট দোকানের মজুদ মিলানোর সময় ৫৩টি স্বর্ণের চুড়ি না পাওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে দেখা যায়, চুড়িগুলোর পরিবর্তে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছে। এ ঘটনায় গত ১৫ আগস্ট পাঁচলাইশ থানায় মামলা করেন দোকানের মালিক।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গত ১৮ আগস্ট সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে বিভিন্ন জুয়েলার্স ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখা স্বর্ণের চুড়ি উদ্ধারের তথ্য পাওয়া যায়।

পরে গত ১৯ আগস্ট বোয়ালখালীর কানুনগোপাড়া থেকে শ্যামল সিংহ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য ও রোমেনের তথ্যের ভিত্তিতে গত ১৯ ও ২০ আগস্ট বাকলিয়া ও চকবাজারসহ বিভিন্ন এলাকা থেকে স্বর্ণের চুড়িগুলো উদ্ধার করা হয়।

মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া চুড়ির মধ্যে বিভিন্ন জুয়েলার্স ও বন্ধকী ব্যবসায়ীর কাছ থেকে ৫৫ পিস স্বর্ণের চুড়ি জব্দ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও