‘মেরামত’ কাজের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করলে বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক হয়।
বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ হয়ে যায়। টিকেট কাউন্টারেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এ সময় রোগীদের জরুরি কিছু পরীক্ষাও করানো যায়নি। তবে জেনারেটর চালু করে হাসপাতালের কিছু সেবা অব্যাহত রাখে কর্তৃপক্ষ।
হাসপাতালে আসা এক রোগীর স্বজন আবদুল মান্নান বলেন, চট্টগ্রামের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এটি। এখানে কীভাবে দুই-আড়াই ঘণ্টা কারেন্ট থাকে না, তা তার বোধগম্য নয়। তিনি বলেন, রোগীরা গরমে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। এক্সরে করতে গিয়েও করা যায়নি, আলট্রাসনোগ্রাফিও করা যায়নি। হাসপাতালের জেনারেটর দিয়ে নাকি এসব যন্ত্র চলে না। এত বড় একটা হাসপাতাল কীভাবে চলছে, প্রশ্ন তোলেন তিনি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ বিভাগের সমস্যার কারণে এমনটা হয়েছে। রোগীদের ভোগান্তি দেখে তারা বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে সরবরাহ দেওয়া হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন গণমাধ্যমকে বলেন, জরুরি মেরামত কাজের জন্য শাটডাউন করা হয়েছিল এবং এ বিষয়ে আগে থেকে নোটিসও দেওয়া হয়েছিল।
তবে মেরামত কাজের জন্য বেলা ১টা পর্যন্ত ‘শাটডাউন’ থাকার কথা থাকলেও বেলা সোয়া ১১টার দিকেই হাসপাতাল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

