সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। তারা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি এবং গডফাদারদের নাম ব্যবহার করে। তিনি বলেন, শুধু চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে না, চাঁদাবাজদের সঙ্গে যদি পুলিশ সদস্য জড়িত থাকেন, তাদের তালিকাও করা হচ্ছে।
তিনি জানান, আজই বিশেষ করে মেট্রো এলাকার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের মতো হাইভ্যালু মানুষদের টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন এবং সর্বশেষ আঘাত করে। এর পেছনে চাঁদাবাজিরও একটা উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০ তারিখের মধ্যে চক্রের সাতজনের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রশংসা করে তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে মূলহোতাকে ধরতে পেরেছে পুলিশ। তবে পুলিশের আরও কাজ করা বাকি রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এসব সংঘবদ্ধ চাঁদাবাজদের সবাইকে নির্মূল করতে চান তারা।

